বিদ্যার মন্দিরে কিসের আঁধার?
জ্ঞানের আলোতে কেন এত হাহাকার!
বইয়ের পাতায় আজ জমছে ধুলো,
নীতি আর আদর্শ মানুষ যে ভুলো।
যোগ্যতা আজ কাঁদে পথের ধারে,
মেধার দাম নেই এ কোন বিচারে?
টাকার পাহাড় দিয়ে কেনা হয় পদ,
শিক্ষার নামে এ যে চরম বিপদ!
প্রশ্নপত্র আজ বাজারে বিকোয়,
অযোগ্য লোক সব মসনদে শোয়।
বাণিজ্যের রূপ নিল পবিত্র পাঠ,
ভেঙে চৌচির হলো স্বপ্নের খাট।
শিক্ষক যেথায় আজ নিলামে ওঠে,
সেথায় কী করে আর শতদল ফোটে?
ছাত্রের চোখে নেই সৃষ্টির নেশা,
শিক্ষা কেবলি আজ দামি এক পেশা।
তবুও তো স্বপ্ন দেখি নতুন ভোরের,
ভাঙবে শিকল এই ঘোর অন্ধকারের।
জেগে উঠুক বিবেক, কাটুক এ রাত,
মেধার আলোয় হোক নতুন প্রভাত।
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!