কথাকলি

শেষ অঙ্কের নাটক

সময় থাকতে দেখিসনি একদিন, আমার চোখের জল, এখন কেঁদে ভাসিয়ে লোক দেখানো আয়োজন করে, কি হবে আর বল! তখন তোদের হাজারটা কাজ, অফিসে ভীষণ চাপ, মরার কালে লোক দেখাতে, কেন রে এই পাপ? ​কোলে পিঠে মানুষ করলাম, করেছি কতই আদর, এখন বুড়ো চলতে পারে না, আস্ত একটা বাঁদর! হাড় ভাঙা ওই খাটুনি খেটে, করলাম তোদের বড়, আমার ভিটেয় বসেই আজ, আমারই শ্রাদ্ধ করো! ​নিজের শখ সব শিকেয় তুলে, কিনেছি তোদের জামা, আজকে তোদের ব্র্যান্ডের স্যুট, আমার পরনে ছেঁড়া পাজামা। জ্যান্ত কালে এক গ্লাস জল, চাইল না কেউ দিতে, মরলে পরে দিবি জানি, কাঁড়ি কাঁড়ি ফুল আর ফিতে! ​ডাক্তার-বদ্যি দূরের কথা, খোঁজ নিসনি জ্বরে, এখন এসে জমজমাট ভিড়, আমার এই ভাঙা ঘরে! সম্পত্তি আর দলিল-পর্চা, সব তো তোদেরই নাম, বাপের তো আর নেইকো দরকার, ফুরিয়েছে তার দাম। ​যাই রে এবার ওপার পানে, তোদের মুক্তি দিয়ে, সগৌরবে সুখে থাকিস, আমার সর্বস্ব নিয়ে। আর দেরি নাই, ডাক এসেছে, চললাম আমি সোজা, বাঁদর বুড়ো মরল এবার, চিরতরে নামল তোদের বোঝা!
-অক্ষয় মার্জিত